logo

‘জাল সনদ’ দেওয়ায় চিকিৎসক কারাগারে

‘জাল সনদ’ দেওয়ায় চিকিৎসক কারাগারে

হাসপাতালে ভর্তি না হয়েও ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩) বেলকুচি আমলি আদালতের বিচারক ওবায়দুল হক রুমি অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার প্রধান সাক্ষী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, ২০২৫ সালের ২১ মার্চ বেলকুচি উপজেলার কদমতলি গ্রামে একটি মারামারির ঘটনায় মো. শাহজালাল আদালতে মামলা করেন। মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত চিকিৎসা সনদে দাবি করা হয়, তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। তবে আসামি পক্ষ ওই সনদের সত্যতা নিয়ে আপত্তি জানালে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি কখনও হাসপাতালে ভর্তি হননি। এরপর সনদটি জাল প্রমাণিত হয়।

পরে আদালত এ ঘটনায় মামলা করার নির্দেশ দেন। মামলায় আইনজীবী, নার্সসহ ১০ জনকে সাক্ষী করা হয়। সমন জারির পর আদালতে হাজির হলে ডা. ফয়সাল আহম্মেদকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ডা. ফয়সাল আহম্মেদ বর্তমানে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের এ পদক্ষেপে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।