পটিয়ায় ছাত্র-জনতার সড়ক অবরোধ, ওসি বললেন ‘কথা বলার মুডে নেই’

ঢাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পটিয়া বাইপাস সংলগ্ন মডেল মসজিদ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা এই ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে। ফলে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনাস্থলে আন্দোলনকারীরা ‘রক্তের বদলে রক্ত চাই, ভাইদের চাকরি ফিরিয়ে দে’সহ নানা ধরনের স্লোগান দেন। একই সঙ্গে আজকের (সোমবার) মধ্যে দাবি মেনে না নেওয়া হলে মঙ্গলবার থেকে পুরো চট্টগ্রাম স্তব্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান ও পটিয়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এ বিষয়ে মন্তব্য জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘কথা বলার মুডে নেই’ জানিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
