logo

৫ দাবিতে সিলেটে অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি

৫ দাবিতে সিলেটে অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি
সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

পাঁচ দফা দাবি আদায়ে প্রশাসনকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সিলেটের সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিক নেতারা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন (৭০৭) এবং জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত ‘মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে। সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন রাজা আহমদ ও এম বরকত আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (৭০৭) সভাপতি জাকারিয়া আহমদ।

জাকারিয়া আহমদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর প্রশাসনের হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। সড়কে গাড়ি বের করলেই বিভিন্ন অজুহাতে মামলা দেওয়া হচ্ছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা আয় করেন। অথচ একটি মামলায় তাকে ৫ থেকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। ন্যায্য দাবি আদায়ে তিনি পরিবহন মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধনের বিষয়ে দ্রুত সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া; সিলেট জেলা ও মহানগর এলাকায় ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা; সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার দ্রুত নিবন্ধন দেওয়া; পুলিশি দায়িত্ব পালনের সময় জ্বালানি ও চালকের খাবারের ব্যয়ভার বহন করা; এবং জেলা ও মহানগর এলাকায় পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা। এ ছাড়া ট্রাফিক পুলিশ ও ট্রাফিক কর্মকর্তাদের হয়রানিমূলক মামলা এবং বিআরটিএ সিলেট কার্যালয়ের সব ধরনের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ এবং চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট