logo

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ। ছবি: এশিয়া পোস্ট

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় সংবাদকর্মী নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লস্করপুর টার্মিনালসংলগ্ন একটি গেটের পাশে চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক নবী নেওয়াজ মহেন্দপুর এলাকার মৃত আবু সামা মিয়ার ছেলে। তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) পাবনা জেলা প্রতিনিধি এবং পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মো. ইবাদ শেখ (ওরফে ড্রাইভার ইবাদ), মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাথায় কোপ দেন। তিনি হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে হাতে আঘাত পান। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে মাথার পেছনে, হাত, পিঠ, বুক, মুখ, গলা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ ২০০ টাকা ও একটি হেডফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।