নামাজ পড়ছিলেন শাশুড়ি, পেছন থেকে ঘাড়ে কোপ দিলেন পুত্রবধূ

কক্সবাজারের টেকনাফে পুত্রবধূর দা-এর কোপে শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়ার নতুন মসজিদ এলাকায় নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত মনোয়ারা বেগম (৪৫) বাহারছড়ার ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার মো. রফিকের স্ত্রী। অপরদিকে অভিযুক্ত ছেনুয়ারা বেগম (২২) নিহতের ছেলে মো. ইদ্রিসের স্ত্রী।
নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে তিনি সাগরে মাছ ধরতে যান। এ সুযোগে তার স্ত্রী ছেনুয়ারা বেগম তার মাকে নামাজপড়া অবস্থায় দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। ঘটনার পর ব্যবহৃত দা ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করেন তিনি। বিষয়টি সন্দেহ হলে তার স্ত্রীকে আটকে রাখেন স্থানীয়রা। একপর্যায়ে ছেনোয়ারা বেগম তার মাকে দা দিয়ে কোপানোর কথা স্বীকার করে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মায়ের গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, ঘটনার পাঁচ দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বেগম বাপের বাড়ি চলে যান। পরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফেরার পর শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। পরদিন স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ির ওপর হামলা চালান তিনি।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস এশিয়া পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ব্যবহৃত কাঠের হাতলযুক্ত একটি দা জব্দ করেছে। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।