বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামজা মুন্সী ওই এলাকার রুহুল আমিন মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে হামজা মুন্সীর বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা বাচ্চু মুন্সী বলেন, গুলির শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে দেখেন, প্রায় ছয়জন মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। হামজা মুন্সী খুলনায় বসবাস করতেন। খুলনার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
নিহতের বাবা রুহুল আমিন মুন্সী বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ বাড়িতে ঢুকে তার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।