logo

আবাসিক হোটেলে মিলল নারী-পুরুষের লাশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
আবাসিক হোটেলে মিলল নারী-পুরুষের লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ‘রয়েল পার্ক’ নামের ওই হোটেলের একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এর আগে, রোববার (৩১ মে) রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন বলে জানান পুলিশ।

হোটেল রেজিস্টার অনুযায়ী, পুরুষের নাম মোহাম্মদ রিপন, বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন। অন্যদিকে, কক্ষটি থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী নারীর নাম সোনিয়া। তবে হোটেলে দেওয়া এসব নাম ও তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। তবে কী কারণে বা কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলের কক্ষ থেকে একজনের ঝুলন্ত এবং অন্যজনের মেঝেতে পড়া মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, মেঝেতে থাকা ব্যক্তিটি বিষক্রিয়ায় মারা গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।