logo

নারায়ণগঞ্জে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ময়লার ভাগারের পাশে কিশোরীর বস্তাবন্দি মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দি ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ময়লার ভাগারের পাশে একটি বস্তার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কিশোরীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে গেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।