দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

শেরপুরে কাঁচাবাজারের ইজারার টাকা নিয়ে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোরব) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কাঁচাবাজারের ইজারার টাকা আদায় ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওই এলাকার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের জেরে শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।