চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের ব্যবহার করছে বিএনপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছিল বিএনপি। তারা একটি সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। এরপর আওয়ামী লীগের ভালো-মন্দ মিলিয়ে সারা দেশে মামলা-বাণিজ্য করেছে। সেই মামলার ভয় দেখিয়ে ভোট কিনেছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে আমরা দেখছি চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি সরকার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতো দেশ পরিচালনা করছে। আমাদের অবস্থা হচ্ছে বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি এই দুই দলের কারণে মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাও নষ্ট হয়েছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপির পক্ষে যদি আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসা সম্ভব হতো, তাহলে বিগত ১৬ বছরে এককভাবেই তারা সেটি করতে সক্ষম হতো। কিন্তু আমরা দেখেছি, গত ১৬ বছরে তারা রাজপথে একটি শক্তিশালী আন্দোলনও গড়ে তুলতে পারেনি।
তিনি আরও বলেন, এ দেশের ছাত্র-জনতা রাজপথে নেমে না এলে, সাধারণ মানুষ জীবন না দিলে তারেক রহমান কোনোদিন লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচারী সরকারের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন। ক্ষমতা চিরকালের জন্য নয়। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে যদি আপনারা মনে করেন দেশ কিনে নিয়েছেন, এ দেশের মালিক আপনারা হয়ে গেছেন, তাহলে অতীতের দিকে তাকান। আওয়ামী লীগও একইভাবে চিন্তা করত। আজ তাদের অবস্থান কোথায়?
নাগরিক সভায় জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্য ইমরান হোসেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
