জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে দুজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে দুজন গ্রেপ্তার
জাতীয় পতাকার নকশায় আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করা পতাকা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে অনলাইনে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় তারা জাতীয় পতাকার নকশায় আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে পতাকা তৈরি করতেন। পরে একটি অনলাইন পেজের মাধ্যমে সেগুলো বিক্রি করা হতো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ওই ধরনের পতাকা উড়তে দেখা গেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর তথ্য-উপাত্ত যাচাই করে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জাতীয় পতাকার নকশা পরিবর্তন করে কালেমা সংযুক্ত পতাকা তৈরি ও অনলাইনে বিক্রির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ কার্যক্রমের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ সম্পৃক্ত রয়েছে কি না এবং এ ধরনের পতাকা কী পরিমাণে তৈরি ও বিক্রি হয়েছ্যে। সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।