বিশ্বকাপ ফুটবল নিয়ে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
বিশ্বকাপ ফুটবল নিয়ে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
আহত মো. মামুন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক সাংবাদিকের ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোরে আসামিদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে ঝিনাইদহ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ পৌর এলাকার চাচড়া গ্রামের মোক্তার আলী (৪০) ও হামিদুল ইসলাম (৩০)। এদের মধ্যে মোক্তার আলী এই মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে স্থানীয় সাংবাদিক জাকারিয়া হোসেনের ছেলে মামুনের (২২) ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর জখম হন। এ ঘটনায় পরবর্তীতে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাচান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে চাচড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোক্তার ও সহযোগী হামিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী সাংবাদিক জাকারিয়া হোসেন জানান, তার ছেলে মামুন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত সব আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই গণমাধ্যমকর্মী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিকপুত্রকে জখমের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলছে।

বিষয় :ঝিনাইদহ