logo

‘আমাকে ক্ষমা করে দাও’ চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

‘আমাকে ক্ষমা করে দাও’ চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের
ঢাকা-নরসিংদী রেললাইনের মাজুখান এলাকা। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের মাজুখানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল চন্দ্র দাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নরসিংদী রেললাইনের মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল চন্দ্র দাস (২৬) ঢাকার হাজারীবাগ থানার গণকতলী এলাকার লাল চন্দ্র রবি দাসের ছেলে।

মৃত্যুর আগে সুনীল একটি চিরকুটে লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দাও’। ওই চিরকুটে তার মায়ের মোবাইল ফোন নম্বরও লেখা ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ দুপুরে পূবাইলের মাজুখান এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন সুনীল। তার হাতে একটি ছোট কাগজ ছিল। নরসিংদী থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার ঠিক আগমুহূর্তে তিনি রেললাইনের ওপর ঝাঁপ দেন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার কাছে থাকা চিরকুটের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।