বগুড়ায় জমি নিয়ে বিরোধে জামায়াত নেতা খুন

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াতে ইসলামীর শহর শাখার ওলামা বিভাগের রুকন সাইফুল ইসলাম (৪৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল ৪ টার দিকে সাইফুল মারা যান। এ ঘটনায় তারেক (৩০) নামে অপর এক ব্যক্তি আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাইফুল ইসলাম শহরের খান্দার মাহবুবনগর এলাকার মৃত নওশেদ আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের খান্দার ভিআইপি রোড এলাকার মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে খান্দারের মাহবুবনগর এলাকায় নিজ জায়গায় ইটের গাঁথুনির কাজ শুরু করেন সাইফুল ইসলাম। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্তরা এসে সেখানে কাজে বাধা দেয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও তারেককে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে সকাল ১১টার দিকে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে বিকেল ৪ টার দিকে মারা যান সাইফুল। আহত তারেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ প্রথমে তার বাসভবনে নিয়ে যায় স্বজনেরা। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত দুই জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।