Advertisement

সুনামগঞ্জে সেলিম হত্যা মামলার ৮ আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে সেলিম হত্যা মামলার ৮ আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গড়গড়িয়া গ্রামে পূর্ববিরোধ ও গরুতে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সেলিম মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৭ জুলাই) রাতে র‍্যাব-৯ সুনামগঞ্জ ও র‍্যাব-১৩ নীলফামারীর একটি যৌথ দল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর গড়গড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাজল মিয়া (৪০), ফুল মিয়া (৩০) ও দুলাল মিয়া (৩৮), মৃত আব্দুল সাত্তারের ছেলে হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), আতিক মিয়া (৩৪) ও আশিক মিয়া (৩৭); এবং হিরন মিয়ার ছেলে রাজু মিয়া (২৪)।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে সেলিম মিয়া হত্যা মামলার পলাতক এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১০ জুলাই সকালে উত্তর গড়গড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক ও একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে পূর্ববিরোধ ও গরুতে ধানের বীজ খাওয়া নিয়ে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন সেলিম মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।