logo

১২ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক

১২ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক
ডিসির হস্তক্ষেপে ১২ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হয়।

জানা যায়, রোববার (১৭ মে) রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করা হয়। কমিটিকে কেন্দ্র করে শ্রমিকদের একাংশ আপত্তি জানায়। এর জেরে সোমবার সকাল থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে দিনভর শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সন্ধ্যা পর্যন্ত বিষয়টি কোনো সুরাহা হয়নি। পরে তিনি রাতে শিরোইল বাস টার্মিনালে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

সেখানে জেলা প্রশাসক ঘোষণা দেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

আসন্ন ঈদুল আজহার পর শ্রমিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসকের এ ঘোষণার পর কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা। এরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। পাশাপাশি কাউন্টারগুলোতে শুরু হয় টিকিট বিক্রি।