মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার (১২ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম এবং কনস্টেবল ইসতিয়াক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে। এ সময় তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে বিভিন্ন কথোপকথন ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীকালে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্ত ওই পাঁচ পুলিশ সদস্যের সম্পৃক্ততার সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতেই তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বরখাস্তের আগেই বিষয়টিকে কেন্দ্র করে সমালোচনা শুরু হলে গত ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়েছিল।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



