logo

ফরিদপুরে ২ হাজার ইয়াবাসহ আটক ৪

ফরিদপুরে ২ হাজার ইয়াবাসহ আটক ৪
উদ্ধারকৃত মালামাল। ছবি: এসআরবির সৌজন্যে

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকার ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয় বলে বাহিনীটির পক্ষ থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে এসআরবি-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল কোতোয়ালি থানার শোভারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

এসআরবি জানিয়েছে, আটককৃতরা হলেন হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), শান্তা আক্তার (২৫), জামাল ফকির (৫০) ও মো. শুভ ফকির (২২)। বিজ্ঞপ্তিতে হাসিনা বেগম শ্রাবন্তীর বাড়ি কক্সবাজারের টেকনাফের হাবির ছড়া এলাকায় এবং বাকি তিনজন ফরিদপুরের কোতোয়ালি থানার শোভারামপুরের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরের কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।