মানিকগঞ্জের সিভিল সার্জন ওএসডি, নতুন দায়িত্বে আইভী

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
একইসঙ্গে মানিকগঞ্জের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের নিয়মিত বদলি ও পদায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ মে মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে আগামী ২৩ মে থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়।
