নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা নেশার টাকার জন্য বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে আবু হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা দোয়ালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু হোসেন ওই গ্রামের আবদুর জব্বার মোল্লার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু হোসেন নিয়মিত নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের চাপ দিতেন। ঘটনার দিন বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেন। এ সময় জমিজমার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পাংশা মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আবু হোসেনকে আটক করে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




