‘আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হই’ লিখে ফেসবুকে সন্ত্রাসী রায়হানের পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান। বিদেশে পলাতক সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত এই সন্ত্রাসী দাবি করে বলেন, ‘আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হই’।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ‘রায়হান আলম (Raihan Alam)’ নামের একটি ফেসবুক আইডি থেকে নিজের ছবিসহ ওই স্ট্যাটাসটি দেওয়া হয়। এর আগে গতকাল সোমবার রাতে রায়হানকে ধরতে ওই এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ।
ফটিকছড়িবাসীকে সালাম জানিয়ে রায়হান তার ফেসবুক পোস্টে জানান, গত রাতে (সোমবার) ফটিকছড়ির সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বের হলে তাকে ‘আওয়ামীপন্থি’ মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। এসময় ‘আত্মরক্ষার জন্য’ তিনি গুলি চালাতে বাধ্য হন বলে দাবি করেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তাদের (আহতদের) সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না এবং তিনি শান্তভাবেই যাচ্ছিলেন। গুলিবিদ্ধ ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তাদের সঙ্গে ঝামেলা সেখানেই শেষ হয়ে গেছে বলেও জানান তিনি। পাশাপাশি গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে কেউ অসহায় হলে এবং চিকিৎসার জন্য টাকা-পয়সার প্রয়োজন হলে তাকে ইনবক্সে যোগাযোগ করার জন্য বলেন এই সন্ত্রাসী। স্ট্যাটাসের শেষে হুমকির সুরে তিনি লেখেন, ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে গাড়ির ভেতরে কে আছে তা খোঁজখবর নিতে।
এর আগে সোমবার রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশায় আসা মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেন। চালক জাবেদ পুলিশ ও স্থানীয়দের জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে দুজন এবং পরে শোভনছড়ি থেকে আরও তিনজন অস্ত্রধারী তার অটোরিকশায় ওঠেন। চুঁরখারহাট বাজার ও চৌমুহনী মোড়ে গুলি ছুড়ে তারা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান।
এ ছাড়া একই দিন সন্ধ্যার দিকে ফটিকছড়ির কাঞ্চননগরের তেমুহনী বাজারের পূর্ব পাশে দিঘিরপাড় এলাকায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার উদ্দিন চৌধুরী নামের এক ব্যবসায়ীও দুর্বৃত্তদের গুলিতে আহত হন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এশিয়া পোস্টকে জানান, আটক অটোরিকশাচালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। গুলিবর্ষণের ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ট্যাটাসসহ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

