logo

মাটি খুঁড়তেই বেরিয়ে এল ৩২৫ রাউন্ড গুলি

মাটি খুঁড়তেই বেরিয়ে এল ৩২৫ রাউন্ড গুলি

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনছার চৌধুরীর জমিতে মাটি খোঁড়ার সময় বর্গাচাষি জইদুল ইসলাম প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। সন্দেহজনক মনে হলে তিনি মাটি খুঁড়ে দেখেন, সেখানে একটি ভাঙা কাঠের বাক্স রয়েছে। বাক্সটি খুলতেই ভেতরে পুরোনো গুলি দেখতে পান। ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে অবহিত করেন।

জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলিগুলো দেখতে পান। তার ধারণা, গুলিগুলো অনেক পুরোনো।

এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোতে মরিচা ধরেছে।

তিনি আরও বলেন, গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।