অটোরিকশার আগুন নেভাতে গিয়ে পাওয়া গেল ১০ বান্ডিল গাঁজা

কিশোরগঞ্জের ভৈরবে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে একটি চলন্ত অটোরিকশায় আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করলে অটোরিকশার ইঞ্জিনের পাশে কালো পলিথিনে মোড়ানো ৯টি অক্ষত বান্ডিল ও একটি ছেঁড়া বান্ডিলসহ মোট ১০ বান্ডিল গাঁজা দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে অটোরিকশার চালক গাড়িটি রেখে পালিয়ে যান।
খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে এবং গাঁজাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা গাঁজার পরিমাণ আনুমানিক ১৯ কেজি বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব থানার ওসি (তদন্ত) লিমন বোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সিএনজিসহ গাঁজা উদ্ধার করেছি। সেখানে প্রায় ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে। তবে আগুন লাগার কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।