মাদারীপুরে ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (৪ মার্চ) বিকালে থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মস্তফাপুর ইউপি সদস্য হাবিব হাওলাদারের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ সামচু সরদার ওরফে কোপা সামচুর পক্ষের লোকজন। এসময় দুটি মোটরসাইকেল, দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান সোহাগের বাড়িসহ অন্তত ১০টি বসতবাড়ি-দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি রান্নাঘর। এসময় কুপিয়ে ও পিটিয়ে অন্তত ১৫ জনকে আহত করা হয়েছে। এছাড়া অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারগ্যাসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিককে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইউপি সদস্য হাবিব এশিয়া পোস্টকে বলেন, ‘আমার বাড়িঘরে হামলা করেছে সামচুর লোকজনেরা। ঘরে আগুন দিয়েছে। আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত সামসু সরদারের মোবাইল ফোনে একাধিক বার কল করেও কোন সাড়া পাওয়া যায়নি। এদিকে সামচুর সমর্থক জানান, তাদের লোকজনের উপর হামলা করেছে হাবিব মেম্বারের লোকজনের।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।