চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি স্থান থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি ও নতুনপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জোড়গাছি ও নতুনপাড়া এলাকার একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এশিয়া পোস্টকে জানান, সকালে জোড়গাছি এলাকায় ৪টি এবং নতুনপাড়া এলাকায় ৩টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।