Advertisement

৯ পলিথিনে নারীর খণ্ডিত মরদেহ, মেলেনি মাথা ও পা

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
৯ পলিথিনে নারীর খণ্ডিত মরদেহ, মেলেনি মাথা ও পা
ফরিদা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক গৃহকর্ত্রীকে হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগ উঠেছে তার ভাড়াটিয়ার বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের মাথা ও পা এখনও উদ্ধার করা যায়নি।

Advertisement

শনিবার (৮ আগস্ট) রাতে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত লাইলী আক্তারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

নিহত ফরিদা ইয়াসমিন ওই গ্রামের জাহাজকর্মী মফিজুল ইসলামের স্ত্রী। দুই মেয়ের বিয়ের পর তিনি বাড়িতে একাই থাকতেন। তার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী আবুল কালাম আজাদের সঙ্গে বসবাস করতেন লাইলী আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফরিদা ইয়াসমিনের ছোট মেয়ে মরিয়ম আক্তার বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে ফরিদার ভাগনে মামুন বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পান। সন্দেহ হওয়ায় প্যাকেট খুলে সেখানে মরদেহের খণ্ড দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে লাইলী ফরিদা ইয়াসমিনকে হত্যার কথা স্বীকার করেন এবং তার স্বামী আবুল কালাম আজাদসহ রবিউল, সোহেল ও ইমন নামে আরও তিনজন এ ঘটনায় জড়িত বলে জানান। পরে স্থানীয়রা লাইলীকে পুলিশের কাছে সোপর্দ করেন।

রাত সাড়ে ৭টার দিকে দেবিদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো মরদেহের ৯টি খণ্ড উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা ও পা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আটক লাইলী আক্তারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।