প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ইসলামী ছাত্র আন্দোলন নেতা

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিব তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার ও মিথ্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে গাইবান্ধার একটি বেসরকারি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজ সরকার রাকিব প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উভয় পরিবারের সম্মতি ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তার বিয়ে সম্পন্ন হয়েছে। গত ৩০ জুলাই তার শ্বশুরপক্ষ তাদের বাসভবনে উভয় পরিবারকে আমন্ত্রণ জানায়। সেখানে পারিবারিক আলোচনার মাধ্যমে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ৩১ জুলাই জুমার নামাজের আগে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তিনি অভিযোগ করেন, পারিবারিক আলোচনার একটি অংশ গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মাহফুজ সরকার রাকিব বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানি ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তিনি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব, ভিডিও বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
এর আগে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আটক করা হয়েছিল। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। তবে সংবাদ সম্মেলনে মাহফুজ সরকার রাকিব এসব প্রচারকে বিভ্রান্তিকর ও অপপ্রচার হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান।
.png)

