Advertisement

চট্টগ্রাম বন্দরে কনটেইনার লোডিংয়ে নতুন রেকর্ড

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে কনটেইনার লোডিংয়ে নতুন রেকর্ড
চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সাধারণ কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটিতে এক একক জাহাজে সর্বোচ্চ পরিমাণ পণ্যবাহী রপ্তানি কনটেইনার লোডিংয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। মার্স্ক লাইনের ‘মার্স্ক বিনতুলু’ নামের একটি জাহাজে ৯৩৩টি বক্সে মোট ১৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে, যা জিসিবি জেটির ইতিহাসে সর্বোচ্চ।

Advertisement

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম নতুন এই রেকর্ডের তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর ও শিপিং সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) নির্ধারিত সময়েই জাহাজটি সফলভাবে বন্দর ত্যাগ করেছে। জাহাজটির বার্থ অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে ফাজলিসন্স লিমিটেড।

পণ্যবাহী লোড কনটেইনারের পাশাপাশি জাহাজটিতে ১৪৪টি বক্সে ১৪৭ টিইইউএস খালি কনটেইনারও লোড করা হয়। এর মাধ্যমে জাহাজটিতে মোট রপ্তানি কনটেইনারের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৭ বক্স বা ১৯৩১ টিইইউএস।

এর আগে, চলতি বছরের ১৮ জুন একই জেটিতে এক জাহাজে সর্বোচ্চ ৭৪২ বক্স বা ১৪৩৯ টিইইউএস পণ্যবাহী কনটেইনার লোডিংয়ের রেকর্ড ছিল। নতুন এ চালানের মাধ্যমে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল চট্টগ্রাম বন্দর।

জাহাজটির পরিসংখ্যান অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৯টায় লোডিং কার্যক্রম শুরু হয়ে ১২ আগস্ট সকাল ৭টায় সফলভাবে সম্পন্ন হয়। লোডিং কাজে প্রতিটি শিফটে ৩টি করে গ্যাং এবং দিনে ও রাতে ১৪টি করে ট্রেইলার নিয়োজিত ছিল। এর মধ্যে ১১ আগস্টের ২৪ ঘণ্টার চালানেই তিন শিফটে রেকর্ড ৬ ৩৩ বক্সে ১,১১৯ টিইইউএস কনটেইনার জাহাজীকরণ করা হয়।

বন্দর-সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো জাহাজ ছেড়ে যাওয়া এবং দ্রুততার সঙ্গে রেকর্ড পরিমাণ কনটেইনার লোডিং চট্টগ্রাম বন্দরের পরিচালন সক্ষমতা ও প্রবৃদ্ধির এক ইতিবাচক প্রতিফলন।