পঞ্চগড় জেলা বারে বিএনপিপন্থি আইনজীবীদের ভূমিধস জয়

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদের মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২য় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং আরেক প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট।
লিগ্যাল এইড সম্পাদক পদে বিএনপিপন্থি আইনজীবী আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী সোলায়মান হক ৭৯ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে আইনজীবী তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে আইনজীবী মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে আইনজীবী আব্দুল মুকিত, আইনজীবী আরাফাত হোসেন জনী, আইনজীবী আশরাফুল ইসলাম ও আইনজীবী মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে আইনজীবী মোছা.আনোয়ারা বেগম ও আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।