logo

স্কুলের তালা ভেঙে ১১ ফ্যান নিয়ে গেল চোরেরা

স্কুলের তালা ভেঙে ১১ ফ্যান নিয়ে গেল চোরেরা
বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ১১ ফ্যান চুরি। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

পঞ্চগড়ের সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির অভিযোগ উঠেছে। এ সময় বিদ্যালয় থেকে একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরে রাখা কিছু টাকাও নিয়ে গেছে চোরেরা।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিসকক্ষ এলোমেলো দেখতে পান। কক্ষের টেবিলে জুতার ছাপও পাওয়া যায়। পরে শ্রেণিকক্ষগুলোতে গিয়ে দেখা যায়, চারটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি ফ্যান নেই। এর মধ্যে অফিসকক্ষ থেকে চারটি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষ থেকে সাতটি ফ্যান চুরি হয়েছে। চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার বিদ্যালয়ে ফেলে গেছে তারা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ বলেন, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে তালা খুলে অফিসকক্ষ এলোমেলো দেখতে পাই। টেবিলে জুতার ছাপ ছিল। পরে ওপরের দিকে তাকিয়ে দেখি চারটি ফ্যান নেই। চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষেও গিয়ে আরও সাতটি ফ্যান পাওয়া যায়নি। এ ছাড়া একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরে রাখা কিছু টাকাও নিয়ে গেছে চোরেরা।

তিনি আরও বলেন, ছুটির পর বিদ্যালয় ফাঁকা হয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে কিছুদিন ধরে সন্ধ্যার পর বিদ্যালয় এলাকায় লোকজনের আড্ডা ও মাদক সেবনের কথা শুনেছেন। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ফ্যানের সুইচ দেওয়ার পরও ফ্যান না ঘোরায় ওপরের দিকে তাকিয়ে তারা ফ্যানগুলো দেখতে পায়নি। প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া শ্রেণিকক্ষে ক্লাস করতে তাদের কষ্ট হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা রমেন চন্দ্র রায় বলেন, সকালে ছেলেকে বিদ্যালয়ে দিতে এসে জানতে পারি ১১টি ফ্যান চুরি হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।