শিবির কর্মীকে মারধরের অভিযোগে ইসলামী আন্দোলনের চার কর্মী গ্রেপ্তার

রংপুর মেট্রোপলিটনের হারাগাছ এলাকায় ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) সমর্থিত ছাত্র সংগঠনের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী ও শরীফ মিজান।
অভিযোগ সূত্রে জানা য়ায়, পূর্বে অনুষ্ঠিত চরমোনাইয়ের একটি মাহফিলে জিকিরের সময় লাফালাফি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রোববার (১৪ জুন) সন্ধ্যায় শিবির কর্মী আহসান হাবিবকে (২১) বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্ত মো. নিফাত বাবু (২০)। এরপর হারাগাছ থানাধীন টসার বাজার এলাকায় নিয়ে আরও কয়েকজন মিলে আহসান হাবিবকে মারধর করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার এবং চারজনকে আটক করে রাখেন। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।
এ ঘটনায় হারাগাছ থানায় একটি মামলা করেন শিবির কর্মী আহসান হাবিব।
এ বিষয়ে স্থানীয় ইসলামী আন্দোলনের এক নেতা জানান, সংশ্লিষ্টদের আগে থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা দায়িত্বশীলদের নির্দেশনা মানেনি।
হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান বলেন, ঘটনাস্থলেই এলাকাবাসী চারজনকে আটক করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে সেখান থেকে তাদেরকে নিয়ে এসে কোর্টে চালান করে দিয়েছি।
