Advertisement

কার আদালতে কারা বিচারক হবেন, সেটি দলীয় ভিত্তিতে হচ্ছে: আখতার

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
কার আদালতে কারা বিচারক হবেন, সেটি দলীয় ভিত্তিতে হচ্ছে: আখতার
নীলফামারীর জলঢাকায় এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন সংসদ সদস্য আখতার হোসেন। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের নামে নতুন ফর্মুলা চালু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।

আখতার হোসেন বলেন, নিজেদের পছন্দমতো বিচার বিভাগ থেকে লোক বসিয়ে তত্ত্বাবধায়ক প্রধান করার যে চক্রান্ত চলছে, দেশের মানুষ তা মেনে নেবে না। অথচ এই বিচার বিভাগকে সংস্কার ও স্বাধীন করা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, বিচারপতি নিয়োগের জন্য একটি সুষ্ঠু আইন পাসের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। কার আদালতে কারা বিচারক হবেন, সেটি এখন দলীয় ভিত্তিতে নির্ধারিত হচ্ছে—যা অত্যন্ত হতাশাজনক।

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির সদস্যসচিব বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ খাদের কিনারায় গিয়ে ঠেকেছে। বাজেট ঘোষণার আগেই দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারের ভুল নীতি ও অদক্ষতার মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। প্রধানমন্ত্রী কিংবা যারাই ক্ষমতায় থাকুন, আপনাদের রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করতেই হবে। সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ আবারও পঙ্গপালের মতো সংসদ ভবন ঘেরাও করবে।

দিনাজপুর অঞ্চলপ্রধান আবু সাঈদ লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং দলের মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।