Advertisement

ঝিনাইদহে ভবন ভাঙার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
ঝিনাইদহে ভবন ভাঙার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
হাসপাতালে শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ানুর হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জামির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজে নিয়োজিত ছিলেন ইয়ানুর হোসেনসহ কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে ইয়ানুরের হাতে থাকা একটি লোহার রড অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনসার উল্লাহ হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবন ভাঙার সময় ব্যবহৃত লোহার রড বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।