logo

রিকশায় ঘষা লাগায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টার সংঘর্ষে আহত ২০

রিকশায় ঘষা লাগায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টার সংঘর্ষে আহত ২০
দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে। ছবি: এশিয়া পোস্ট

অটোরিকশায় ঘষা লাগার জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে প্রায় তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। উপজেলার ইছাপুরা ইউনিয়নে আক্তার ও বকুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার স্থানীয় বাজারে অটোরিকশায় ঘষা লাগা নিয়ে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে প্রথমে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর রেশ ধরে রোববার সকাল সাতটার দিকে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক বছর ধরে আক্তার ও বকুল গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পূর্ববিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।