logo

স্বাধীনতা দিবসে লাখো মানুষের অপেক্ষায় স্মৃতিসৌধ

স্বাধীনতা দিবসে লাখো মানুষের অপেক্ষায় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ধোয়া-মোছা, রঙিন সাজসজ্জা, আলোকসজ্জা ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্মৃতিসৌধ এখন প্রস্তুত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।

২৬ মার্চকে সামনে রেখে ইতোমধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণ নতুন রূপ পেয়েছে। নানা রঙের ফুলে সাজানো হয়েছে সবুজ চত্বর। সিঁড়ি, দেয়াল ও স্থাপনাগুলোতে দেওয়া হয়েছে নতুন রঙের প্রলেপ। আলোকসজ্জার কাজও শেষ পর্যায়ে।

গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টরা জানান, মাসব্যাপী প্রস্তুতির অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালানো হয়েছে। লেক সংস্কার, ফুলের বাগান পরিচর্যা এবং বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হয়েছে। নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার ও শতাধিক সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

প্রস্তুতির অংশ হিসেবে ৬ মার্চ থেকে ধাপে ধাপে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয় এবং ১৪ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়। এই সময়েই সম্পন্ন করা হয় মূল সাজসজ্জা ও সংস্কারকাজ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্মৃতিসৌধ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান ফটক ও আশপাশের সড়কের ডিভাইডারে রঙের কাজ শেষ হয়েছে। স্মৃতিসৌধের ভেতরে আলোকসজ্জা স্থাপনের কাজ চলছে। পুরো ৮৪ একর এলাকাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমও শেষ হয়েছে। এছাড়া স্মৃতিসৌধের এলাকার চারপাশে কয়েক শ’ সিসিটিভি ক্যামেরা স্থাপনে কাজ শেষ করেছে টেকনিশিয়ানরা। পাশাপাশি স্মৃতিসৌধ এলাকার সামনের মহাসড়কের ফুটপাতগুলো তুলে দেওয়া হয়েছে।

রংমিস্ত্রি কন্ট্রাকটর জলিল এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা ১০ থেকে ১৫ জন রংমিস্ত্রি মাসের শুরু থেকে কাজ শুরু করেছি। এখন কাজ প্রায় শেষের দিকে। আগামীকালের মধ্যে সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে বলে আশা করছি।

রাজমিস্ত্রি কালু মিয়া এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা নভেম্বর মাস থেকেই কন্ট্রাকটর মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বিভিন্ন স্থাপনার রিপিয়ারিং এর কাজ শুরু করেছি। আমাদের কাজ শেষ হয়েছে। এখন শুধু তদারকি করছি।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু এশিয়া পোস্টকে বলেন, ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ এখন পুরোপুরি শেষ। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কুটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। এ ছাড়াও ইতোমধ্যে সিভিল পোশাকে ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখছেন।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এ উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা স্মৃতিসৌধে আসবেন শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।