Advertisement

ফেসবুকে প্রধানমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য করায় ঝাড়ু মিছিল

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
ফেসবুকে প্রধানমন্ত্রীকে আপত্তিকর  মন্তব্য করায় ঝাড়ু মিছিল
ঝাড়ু নিয়ে শতাধিক নারীসহ একটি মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থানীয় সাবেক নেতা আনোয়ারুল কবির টুটুল সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে বিকেল ৫টার দিকে স্থানীয় দলীয় কার্যালয় থেকে শতাধিক নারীসহ বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে একজন সাবেক জনপ্রতিনিধির মুখে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সাজুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় :কুষ্টিয়া