খেলার প্রস্তুতি নেওয়ার সময় প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই এক আর্জেন্টিনা সমর্থক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
মৃত খেলোয়াড় হলেন তালতলী শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে খোকন কর্মকার।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে তালতলী সরকারি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্য থেকে ১১ জন করে খেলোয়াড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা দলের খেলোয়াড় খোকন কর্মকার বুকে ব্যথা অনুভব করে মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য খেলোয়াড়েরা তাকে দ্রুত চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সব্যসাচী দাস সানি জানান, খোকন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়েরা মাঠে ওয়ার্মআপ বা প্র্যাকটিস করছিলেন। এ সময় হঠাৎ খোকন কর্মকার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




