পুড়ে গেছে চট্টলা এক্সপ্রেসের দুই বগি, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের ফৌজদারহাট বিএম গেটের কাছে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে পাওয়ার কার ও একটি এসি বগি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় ট্রেনে আগুন লাগার এই ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তারা এহসান আলী জানান, আগুন লাগার ১ ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে যায়।
তিনি আরও বলেন, ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আন্তঃনগর ট্রেনটি সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ডাবল লাইন থাকলেও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, এই ঘটনায় পূর্ব রেলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, আন্তঃনগর চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারসহ ১৮টি বগি ছিল। পেছন দিক থেকে ছয় নম্বরে থাকা পাওয়ার কার এবং একটি এসি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।