জয়পুরহাট সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মো. মামুনুর রশীদ (৩৫) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোটালীবাগ এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা ২ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও হাটখোলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী রতনপুর-শালুয়া মাঠ এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ধানক্ষেতের পাশে সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশীদ স্বর্ণের বার বহনের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রতনপুর-শালুয়া মাঠের একটি ধানক্ষেতের কাদার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম, যা ১০১ ভরি ৯ আনা ২ রতির সমপরিমাণ। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী শুক্রবার বিকেলে বলেন, উদ্ধার করা স্বর্ণ ও জব্দ করা অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।




