ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতাকর্মীদের ভারে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ মঞ্চটি ভেঙে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রীসহ উপস্থিত সব নেতাকর্মীই নিরাপদ ও অক্ষত আছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে ভিড় করেন। অতিরিক্ত ভিড় এড়াতে মাইকে বারবার তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধও করা হচ্ছিল। এরই মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে আরোহণ করলে তার সঙ্গে আরও কিছু নেতাকর্মী সেখানে উঠে পড়েন। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে এর কয়েক মিনিটের মধ্যেই পুরো মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে।
মঞ্চ ভেঙে পড়ার পরও বিশৃঙ্খলা এড়াতে উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। পরে ওই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই উপস্থিত কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, মঞ্চে যেন অতিরিক্ত মানুষ না ওঠেন, সে জন্য আমি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলাম। মূলত অতিরিক্ত মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও মন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ সম্পন্ন করেছেন।
.png)





