বগুড়ায় মহিষ চরাতে গিয়ে ৪ ব্যক্তি অপহৃত হওয়ার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোহাইল চরে এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার মহর কয়া গ্রামের ইউনুস আলী (৫৫) ও ফারুক মন্ডল (৪০), এবং বাদিকুল গ্রামের মাফের মন্ডল (৪০) ও মাসুদ মন্ডল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থেকে আটজন ব্যক্তি শতাধিক মহিষ নিয়ে যমুনা নদীর বোহাইল চরে আসেন। তারা সেখানে তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল নৌকাযোগে চরে আসে। এ সময় তারা চারজনের হাত-পা বেঁধে রেখে বাকি চারজনকে অপহরণ করে নৌকায় তুলে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে শুক্রবার (১২ জুন) বিকেলে সিরাজগঞ্জ নৌ পুলিশ ও সারিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণের কারণ এখনো জানা যায়নি। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তা জানা যায়নি। পুলিশ অপহৃত ব্যক্তিদের সন্ধানে অভিযান চালাচ্ছে।
