logo

শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে পাঠানো হয় বাড়িতে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে পাঠানো হয় বাড়িতে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে আসেন অভিযুক্ত।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার তেলিকান্দায় এ ঘটনা ঘটে।

শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদুল মিয়া পলাতক রয়েছেন। তিনি ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই শিশু গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় শহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন।

পরে শহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যান। একপর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ৯৯৯ নম্বরে ফোন করে ধর্ষণের অভিযোগ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। আইনগত সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন।