logo

খুলনা/শিক্ষার্থী আজমুল হত্যা: এক দিনে গ্রেপ্তার ৩

শিক্ষার্থী আজমুল হত্যা: এক দিনে গ্রেপ্তার ৩
বাঁ থেকে গ্রেপ্তার তারেক হাসান রুবেল, মো. হাসনাত হাবিব রিফাত ও প্রতাপ সরকার। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলার তদন্তে এক দিনে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর, খুলনা ও বরিশালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. হাসনাত হাবিব রিফাত (৩০), খুলনার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম সিদ্ধিরপাশা এলাকার শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার (২৮)।

মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ (খুলনা) ও র‍্যাব-৮ (বরিশাল)। র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজমুলের মৃত্যুর পর রিফাত আত্মগোপনে চলে যান। গোপন খবরের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তারের পর রিফাত আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার আরও কয়েকজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে তার বক্তব্য ও প্রাপ্ত তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রিফাতকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর দুপুর পৌনে ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেটসংলগ্ন এলাকা থেকে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাব-৬। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

অন্যদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করে কেএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মো. রেজাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএমপি ডিবির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আজমুল হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। ওই তালিকায় প্রতাপ সরকারের নাম থাকায় ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারের পর রিফাতকে হরিণটানা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে তার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

গত শুক্রবার গভীর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে হত্যার অভিযোগে পরদিন শনিবার হরিণটানা থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।