Advertisement

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে তিন মাসের শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে তিন মাসের শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর বাড়ি কুষ্টিয়ায়। গত ৯ আগস্ট হামজনিত জটিলতা নিয়ে সে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিল।

Advertisement

আজ বুধবার (১২ আগস্ট) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে।

হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে পাঁচজন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে তিনজন। বর্তমানে হাসপাতালে ২৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে, যাদের বড় একটি অংশই শিশু। বিশেষ করে কম বয়সি শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও পানিশূন্যতা দেখা দিলে দ্রুত পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত শিশুকে অন্যদের কাছ থেকে আলাদা করে চিকিৎসকের কাছে নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে এটি মারাত্মক রূপ নিতে পারে।

এদিকে একের পর এক শিশু আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন—শিশুর জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ বা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।