logo

এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় চুয়াডাঙ্গায় জমকালো আয়োজন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রায় চুয়াডাঙ্গায় জমকালো আয়োজন
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠান করা হয়। ছবি: এশিয়া পোস্ট

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে সোমবার (১১ মে) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইসলাম রকিব। এতে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যেমন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, তেমনি সাংবাদিকদেরও সত্য ও নির্ভুল তথ্য পরিবেশনের ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে। সংবাদ পরিবেশনে কোনো ধরনের কাটছাঁট, বিভ্রান্তিকর উপস্থাপন কিংবা ফেক নিউজ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সঠিক সত্য বস্তুনিষ্ঠ নিউজ করে এশিয়া পোস্ট সুন্দর বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সুস্থ, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। এশিয়া পোস্ট সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে বলে আমরা আশা করি।

বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, অপসাংবাদিকতা রোধে গণমাধ্যমকর্মীদের পেশাগত সততা ও দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশই পারে একটি সুস্থ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে। আশা করি এশিয়া পোস্ট সে কাজটিই করবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, আশা করি এশিয়া পোস্ট একটি দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবে।