দেশে ফিরলেন ভারতে আটক ১২৮ জেলে, ফেরত গেলেন ২৩ জন

বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। একই সময়ে ভারত থেকে দেশে ফিরেছেন ১২৮ জেলে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে তাদের আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা-সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণকালে গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী দুইটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে।
অপরদিকে, গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড।
এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হলে সেখানে তাদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, আটক থাকা ভারতীয় জেলেরা বাংলাদেশে প্রায় ৩ মাস ৯ দিন এবং বাংলাদেশি জেলেরা ভারতে প্রায় আড়াই মাস কারাভোগ করেন। বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পাওয়ায় জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।