বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর রহমান ছাত্র ছিলেন। সামিউল ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিচুতলা থেকে মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের ওপর দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ দুটি মহাসড়কের মাঝখানে পড়ে ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


