logo
Advertisement

খাগড়াছড়িতে এক দিনে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে এক দিনে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বজ্রপাতে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী রয়েছে।

Advertisement

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উসিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তারা মহালছড়ি উপজেলায় এলাকার বাসিন্দা। এই মৃত দম্পতির চার সন্তান রয়েছে।

নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় তার মা ঘরের দরজায় এবং বাবা উঠান থেকে ঘরে প্রবেশ করছিলেন। এ সময় আকস্মিক তীব্র বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে ঘরের সোলার প্যানেলসহ বেশকিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল সকালে তাদের দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে একই দিন খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নম্বর ভাইবোনছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়া পাড়ায় বজ্রপাতে প্রায় ৩৫ বছর বয়সি এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু এশিয়া পোস্টকে জানান, মাইসছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে ভাইবোনছড়া ইউনিয়নে বজ্রপাতে নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।