৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে কাঁচা মাংস খেলেন, খুঁজছে পুলিশ

মাত্র ৫০০ টাকার বাজির জন্য জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারের বলে জানা যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে খোঁজ করছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রায় দেড় মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সর্বপ্রথম প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন।
ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকা ধরা খেল বলতেও শোনা যায়।
ভিডিওটি সর্বপ্রথম প্রকাশ করা স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন বলেন, ‘রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি পাখির মাংস খাওয়ার ভিডিওটি আমার কাছে পাঠান। যে ব্যক্তি পাখির মাংস খেয়েছেন তার নাম সাবদুল্লা। কে বাজিটি ধরেছেন, তা বলতে পারি না। এরপরেই আমি ভিডিওটি প্রকাশ করি।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এমন আচরণের সমালোচনা করে বলছেন, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘ঘটনাটি জানতে পেরেছি। মাদারগঞ্জ মডেল থানা ইতোমধ্যে ওই লোকটিকে খুঁজছে। আমরা তাকে শনাক্ত করতে পারলেই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করব।’
