টিসিবির পণ্য বিতরণ না করে মজুত, একজনের ১৪ বছরের কারাদণ্ড

রংপুরে কালোবাজারির উদ্দেশ্যে টিসিবির পণ্য মজুত রাখার মামলায় মো. আলী হাসান মুন্না (৩৫) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলী হাসান মুন্না রংপুর মহানগরীর কোতোয়ালি থানার আলমনগর কলোনি এলাকার মৃত এখলাক হাজীর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, কালোবাজারির মাধ্যমে অসাধুভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে টিসিবির ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল এবং ২৮৮ কেজি পেঁয়াজ মজুত করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল হাদী বেলালের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে আলী হাসান মুন্নাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।


